শাবিপ্রবি ছাত্রদলের গণ-ইফতারে খাবার না পেয়ে ফিরে গেলেন দেড় শতাধিক শিক্ষার্থী

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আয়োজিত গণ ইফতার কর্মসূচিতে অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে।

হোসাইন ইকবাল, শাবিপ্রবি

Location :

Sylhet
শাবিপ্রবি ছাত্রদলের গণ-ইফতারে খাবার না পেয়ে ফিরে গেলেন দেড় শতাধিক শিক্ষার্থী
শাবিপ্রবি ছাত্রদলের গণ-ইফতারে খাবার না পেয়ে ফিরে গেলেন দেড় শতাধিক শিক্ষার্থী |নয়া দিগন্ত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আয়োজিত গণ ইফতার কর্মসূচিতে অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। পর্যাপ্ত খাবারের ব্যবস্থা না থাকায় ইফতারে অংশ নিতে এসে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী খাবার না পেয়েই ফিরে গেছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এই গণ ইফতারের আয়োজন করে শাবিপ্রবি শাখা ছাত্রদল। আয়োজকরা জানান, সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের জন্য উন্মুক্তভাবে এই ইফতার কর্মসূচি আয়োজন করা হয়েছিল।

তবে ইফতারের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা খাবার নিতে আসলে অনেক শিক্ষার্থী খাবার না পেয়েই চলে যান। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন শিক্ষার্থীর মধ্যে আলোচনা-সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

এর আগে সফলভাবে গণ ইফতার সফলভাবে সম্পন্ন করতে ৫৪ সদস্যের একটি আয়োজক কমিটি গঠন করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ক্যাপাসিটি না থাকলে গণ-ইফতার মারাবেন না। ধন্যবাদ।’

নেতাকর্মীদের দাবি অনেক শিক্ষার্থী একবার খাবার নিয়ে আবার নিতে এসেছে যার কারণে খাবারের সমস্যা হয়েছে।

শাবিপ্রবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও আয়োজক কমিটির সদস্য আদনান আহমেদ মোহন বলেন, ‘আমাদের প্রত্যাশার তুলনায় বেশি শিক্ষার্থী চলে আসছিল।’

কতজন শিক্ষার্থী খাবার না পেয়ে চলে গেছে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী খাবার পায়নি বলে ধারণা করছি।’

এ বিষয়ে ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, ‘প্রত্যাশার তুলনায় অনেক বেশি শিক্ষার্থী উপস্থিত হওয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা চেষ্টা করেছি সবাইকে দেওয়ার, কিন্তু কতজন শিক্ষার্থী ফিরে গেছেন তা বলা যাচ্ছে না।’