বাংলাদেশের প্রাচীন ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আহলিয়া দারুল উলূম হাটহাজারী মাদরাসার তত্ত্বাবধানে পরিচালিত ‘রাবেতাতুল মাদারিসিদ দ্বীনিয়্যাহ আল-মারকাজিয়্যাহ’ (রাবেতা) শিক্ষাবোর্ডের প্রথম কেন্দ্রীয় বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে গড় পাসের হার ৯৬ দশমিক ৯৭ শতাংশ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দারুল উলূম হাটহাজারী মাদরাসার মহাপরিচালকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়। বোর্ডের প্রধান পৃষ্ঠপোষক শায়খুল হাদীস আল্লামা শেখ আহমদ, চেয়ারম্যান আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী, মহাসচিব আল্লামা মুফতি জসিমুদ্দীন ও পরীক্ষা নিয়ন্ত্রক আল্লামা ফোরকান আহমদ ফল ঘোষণা করেন।
বোর্ড সূত্র জানায়, দেশের চারটি জোনের অধীনে ২৪৯টি কেন্দ্রে হিফজুল কোরআন ও কিতাব বিভাগের প্রাথমিক স্তর (নাহু-সরফ) শ্রেণির মোট ৮ হাজার ৯৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৪ হাজার ১০২ জন ‘মুমতাজ’ বিভাগে উত্তীর্ণ হয়েছেন।
ফল প্রকাশ অনুষ্ঠানটি পরিচালনা করেন বোর্ডের উপ-সচিব মাওলানা রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন মাদরাসার মুহতামিম, বোর্ড কর্মকর্তাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রায় পাঁচ শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরাও এতে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বোর্ডের কার্যক্রম, কেন্দ্রীয় সনদ পরীক্ষা আয়োজন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
বোর্ড চেয়ারম্যান আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী প্রথম শিক্ষাবর্ষের কেন্দ্রীয় পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট মাদরাসার পরিচালক, শিক্ষাসচিব ও পরীক্ষকদের ধন্যবাদ জানান।
শায়খুল হাদীস আল্লামা শেখ আহমদ বলেন, ‘বোর্ডভুক্ত মাদরাসাগুলোকে কওমি শিক্ষার স্বকীয় বৈশিষ্ট্য ও দারুল উলূম দেওবন্দের অনুসৃত নীতিমালা সমুন্নত রেখে শিক্ষাকার্যক্রম পরিচালনা করতে হবে।’ তিনি শিক্ষার্থীদের ইলম অর্জনের পাশাপাশি উত্তম চরিত্র, আমল ও নৈতিকতার চর্চায় গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘মনে রাখতে হবে, দুনিয়াবী চাওয়া-পাওয়া নয়, বরং দ্বীনের প্রচার-প্রসার ও মহান খিদমত আঞ্জাম দেয়াই কওমি মাদরাসা প্রতিষ্ঠার মুখ্য উদ্দেশ্য।’
মহাসচিব আল্লামা মুফতি জসিমুদ্দীন বলেন, ‘মহান আল্লাহর রহমতে এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বশীলদের প্রচেষ্টায় প্রথম শিক্ষাবর্ষের কেন্দ্রীয় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ফলাফলের হার্ডকপি দেশব্যাপী কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে এবং শিক্ষার্থীরা অনলাইনেও ফল জানতে পারবে।’
তিনি আরো বলেন, ‘উম্মুল মাদারিসের তত্ত্বাবধানে পরিচালিত ‘রাবেতাতুল মাদারিসিদ দ্বীনিয়্যাহ আল-মারকাজিয়্যাহ (রাবেতা)’ শিক্ষাবোর্ডের প্রতি প্রথম বছরেই সারাদেশের কওমি মাদরাসাগুলো থেকে ব্যাপক সাড়া ও আগ্রহ মিলছে। সকলের একটাই প্রত্যাশা, কওমি মাদরাসার শিক্ষাকার্যক্রম পরিচালিত হতে হবে দেওবন্দের উসূল ও নেসাবকে সামনে রেখে। আগামী শিক্ষাবর্ষে বোর্ডভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা দ্বিগুণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।’
ফলপ্রকাশ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন- নাজিরহাট বড় মাদরাসার মুহতামিম আল্লামা হাবীবুর রহমান কাসেমী, মেখল হামিউচ্ছুন্নাহ মাদরাসার মুহতামিম আল্লামা ওসমান ফয়জী, আল্লামা মুহাম্মদ ওমর কাসেমী, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, ড. মাওলানা নুরুল আবছার আযহারী, চারিয়া মাদরাসার মুহতামিম মাওলানা ওসমান সাঈদী, ফতেপুর মাদরাসার শিক্ষাসচিব মাওলানা আশরাফ, মাওলানা ইসমাঈল খান ফয়জী, ঝিনাইদহ প্রতিনিধি মুফতি শহীদুল্লাহ, বরগুনা প্রতিনিধি মাওলানা গোলাম মাওলা, মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, মাওলানা জাকারিয়া হাসনাবাদী প্রমুখ।


