ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোঃ মানজুর হোছাঈন মাহি ও সাধারণ সম্পাদক পদে স্টার নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি লিটন ইসলাম নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে অবস্থিত সাংবাদিক সমিতির কার্যালয়ে বেলা ১১ টা ৫০ মিনিটে ভোট গ্রহণ শুরু হয়ে বেলা ২ টা ৫০ মিনিটে শেষ হয়। গণনা শেষে বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার, ডুজার সাবেক সভাপতি ও গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূইয়া আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
এসময় সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ডুজার সাবেক সাধারণ সম্পাদক ও প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রিয়াদুল করিম, ডুজার সাবেক সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সাইদূর রহমান, ডুজার বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি ও সাধারণ সম্পাদক মাহাদী হাসান।
নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৯টি পদে ৪১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে স্বশরীরে ৩১ জন ও পোস্টাল ব্যলটে ১০ জন ভোট দেন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি মাহাথীর মোহাম্মদ (ডেইলি স্টার), যুগ্ম সাধারণ সম্পাদক মো: রাহাদ উদ্দিন (দৈনিক জনকণ্ঠ), দপ্তর সম্পাদক এইচ এম খালিদ হাসান (দেশ রূপান্তর), অর্থ সম্পাদক নাইমুর রহমান ইমন (ডেইলি অবজারভার) এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে মো: বোরহান উদ্দিন (চ্যানেল ২৪), মো: সামশুদৌজা নবাব (ঢাকা ট্রিবিউন) ও মোহাম্মদ সাহেদুল ইসলাম (টাইমস অব বাংলাদেশ)।
ফলাফল ঘোষণা শেষে প্রধান নির্বাচন কমিশনার নূরুল করিম ভূইয়া নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, “ডুজা সবসময় গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী। দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় আমরা আনন্দিত। আশা করি, নতুন নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে।”



