জাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিবৃতি

বৈষম্যহীন মানবিক রাষ্ট্র বিনির্মাণে বিএনপির পক্ষে ভোট দিন

বিবৃতিতে শিক্ষক ফোরামের নেতারা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রচিন্তা, নাগরিক অধিকার ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার প্রশ্নে বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। দীর্ঘদিনের শাসন সংকট ও রাজনৈতিক অভিঘাত দেশের রাষ্ট্রকাঠামোকে দুর্বল করে তুলেছে।

আতাউর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাবি শিক্ষক ফোরামের নেতারা দেশের জনগণের প্রতি এ আহ্বান জানান।

বিবৃতিতে শিক্ষক ফোরামের নেতারা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রচিন্তা, নাগরিক অধিকার ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার প্রশ্নে বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। দীর্ঘদিনের শাসন সংকট ও রাজনৈতিক অভিঘাত দেশের রাষ্ট্রকাঠামোকে দুর্বল করে তুলেছে।

এতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেবল একটি নিয়মিত নির্বাচন নয়, বরং এটি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও রাষ্ট্রকাঠামো সংস্কারের একটি ঐতিহাসিক সুযোগ। শিক্ষক ফোরামের মতে, বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও তাদের নির্বাচনী ইশতেহারে বর্তমান রাষ্ট্র সংকট উত্তরণে একটি বাস্তবসম্মত ও নীতিনিষ্ঠ রূপরেখা উপস্থাপন করা হয়েছে।

বিবৃতিতে নেতারা বলেন, বিএনপির ৩১ দফায় প্রস্তাবিত নিরপেক্ষ নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, সাংবিধানিক প্রতিষ্ঠানের শক্তিশালীকরণ ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা চালু করা একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক শর্ত। পাশাপাশি, এ দলের নির্বাচনী ইশতেহারে বৈষম্যহীন প্রবৃদ্ধি, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি ও খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্কার, নারী ও যুবসমাজের ক্ষমতায়ন, পরিবেশ ও জলবায়ু অভিযোজনসহ ধর্মীয় সহনশীলতার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, একটি রাষ্ট্রের টেকসই উন্নয়নের ভিত্তি গড়ে ওঠে শক্তিশালী প্রতিষ্ঠান, মুক্ত চিন্তা, গবেষণা ও মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে। বিএনপির নীতিমালায় শিক্ষা ও গবেষণার পরিবেশ পুনরুদ্ধার, মেধাভিত্তিক প্রশাসন ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার যে অঙ্গীকার রয়েছে, তা অ্যাকাডেমিক সমাজের দীর্ঘদিনের প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ। এ কারণে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সাংবিধানিক শাসন সুদৃঢ়করণ, নাগরিক অধিকার সুরক্ষা ও একটি ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে ভোট দেয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাই।

বিবৃতিতে সচেতন ও বিবেকবান ভোটারদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশ একটি গণতান্ত্রিক ও মর্যাদাশীল রাষ্ট্রের পথে এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ কামরুল আহছান, অধ্যাপক ড. মো: এনামউল্যা, অধ্যাপক ড. এম নজরুল ইসলাম, অধ্যাপক ড. মো: শামছুল আলম, অধ্যাপক ড. মো: সোহেল রানা, অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা, অধ্যাপক ড. মোহা: তালিম হোসেন প্রমুখ।