দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোর বার্ষিক পরিদর্শন ক্যালেন্ডার ‘ডিএমএস’ অ্যাপে আপলোডের সময়সীমা আগামী ১২ মার্চ পর্যন্ত বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।
মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক প্রফেসর কাজী মো: আবু কাইয়ুম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, মাউশি’র আওতাধীন মাঠপর্যায়ের কর্মকর্তাদের জন্য প্রস্তুতকৃত ফ্রিকোয়েন্সি ভিত্তিক বার্ষিক পরিদর্শন ক্যালেন্ডারটি ডিজিটাল মনিটরিং সিস্টেম (ডিএমএস) অ্যাপে আপলোড করতে হবে।
ইতোপূর্বে এই সংক্রান্ত গত ১৩ জানুয়ারির নির্দেশনার ধারাবাহিকতায় নতুন এ সময়সীমা নির্ধারণ করা হলো।
আদেশে আরো বলা হয়েছে, যেসব কর্মকর্তা এখনো তাদের বার্ষিক পরিদর্শন ক্যালেন্ডার অ্যাপে আপলোড করেননি, তাদের আগামী ১২ মার্চের মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন করে নিয়মিত পরিদর্শন কার্যক্রম শুরু করার নির্দেশ দেয়া হলো। বাসস



