জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের (৫৫তম ব্যাচ) ভর্তি কার্যক্রমের প্রথম ধাপ শেষে অর্ধেকের বেশি আসন শূন্য রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের মোট এক হাজার ৮৪২টি আসনের মধ্যে এক হাজার ১০৯টি আসন পূরণ হয়নি। এর মধ্যে ছাত্রদের জন্য ৬০২টি ও ছাত্রীদের জন্য ৫০৭টি আসন ফাঁকা রয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত শূন্য আসনের তালিকা অনুযায়ী এ ইউনিটে মোট ৪২৬টি আসনের মধ্যে ছাত্র ১৯৯ ও ছাত্রী ১৪৮ জনসহ মোট ৩৪৭টি আসন শূন্য রয়েছে। বি ইউনিটে মোট ৩২৬টি আসনের মধ্যে ছাত্র ৯২ ও ছাত্রী ১০২ জনসহ মোট ১৯৪টি, সি ইউনিটে ৪৬৬টি আসনের মধ্যে ছাত্র ১৩৬ ও ছাত্রী ১১৭ জনসহ মোট ২৫৩টি, ডি ইউনিটে ৩১০টি আসনের মধ্যে ছাত্র ৭৫ ও ছাত্রী ৫৪ জনসহ মোট ১২৯টি এবং ই ইউনিটে ২০০টি আসনের মধ্যে ছাত্র ৬৯ ও ছাত্রী ৫০ জনসহ মোট ১১৯টি আসন ফাঁকা রয়েছে।
এছাড়া আইবিএ ইউনিটে ৫০টি আসনের মধ্যে ছাত্র আট ও ছাত্রী ১১ জনসহ মোট ১৯টি এবং সি-১ ইউনিটে ছাত্র আট ও ছাত্রী একজনসহ মোট নয়টি আসন শূন্য রয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রথম ধাপের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর শূন্য আসন পূরণের লক্ষ্যে আগামী ২৬ ফেব্রুয়ারি দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে। ২য় ধাপে ভর্তি শেষে যে আসন ফাঁকা থাকবে, সেগুলোর জন্য আগামী ৩০ মার্চ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এ বিষয়ে ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, ‘একসাথে একাধিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও ভর্তি কার্যক্রম চলমান থাকায় শিক্ষার্থীরা কোথায় ভর্তি হবেন তা নিয়ে দ্বিধায় থাকেন। এ কারণে প্রথম মেধাতালিকায় তুলনামূলক কমসংখ্যক শিক্ষার্থী ভর্তি সম্পন্ন করেছেন।’



