ডুয়েটে এআইভিত্তিক শিক্ষা নীতির নতুন দিগন্ত, বিশেষায়িত ল্যাব উদ্বোধন

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষা ও নীতি প্রণয়নে বিশ্ববিদ্যালয়টিতে উদ্বোধন করা হয়েছে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এডুকেশন পলিসি ল্যাব’।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
ডুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরিতে ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠান
ডুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরিতে ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠান |নয়া দিগন্ত

চতুর্থ শিল্পবিপ্লবের ধারা পেরিয়ে যখন বিশ্ব পঞ্চম শিল্পবিপ্লবের দোরগোড়ায়, ঠিক সেই সময় প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলো ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষা ও নীতি প্রণয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়ে বিশ্ববিদ্যালয়টিতে উদ্বোধন করা হয়েছে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এডুকেশন পলিসি ল্যাব’।

মঙ্গলবার (৩১ মার্চ) ডুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ল্যাবটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মোহাম্মদ জয়নাল আবেদীন এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রো-ভিসি ড. মো: আরেফিন কাওসার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিট প্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজার ড. মো: আবদুর রহমান ফরহাদ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইউএটিএফএসের চেয়ারপারসন ড. মো: শওকত ওসমান, বিজ্ঞান অনুষদের ডিন ড. মো: কামাল আল হাসান এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোছা: তহুরা পারভীন।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি ড. জয়নাল আবেদীন বলেন, ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এখন শিক্ষাক্ষেত্রে এক অনিবার্য ও প্রভাবশালী হাতিয়ার। পাঠদান, গবেষণা, মূল্যায়ন ও জ্ঞান সৃষ্টির প্রতিটি ধাপে এআই নতুন মাত্রা যুক্ত করেছে।’

তিনি উল্লেখ করেন, পঞ্চম শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষাব্যবস্থার সর্বস্তরে এআই-এর যথাযথ প্রয়োগ অপরিহার্য।

তিনি আরো বলেন, ‘ডুয়েটের কারিকুলাম, প্রশাসন ও গবেষণায় পর্যায়ক্রমে এআই অন্তর্ভুক্তির মাধ্যমে দেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা সম্ভব হবে।’

একইসাথে এই ল্যাব প্রতিষ্ঠা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মেধা, দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতার প্রতিফলন বলেও মন্তব্য করেন তিনি।

প্রো-ভিসি ড. আরেফিন কাওসার বলেন, ‘নবযাত্রা শুরু করা এ ল্যাব উচ্চশিক্ষা ও গবেষণাকে যুগোপযোগী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে নীতি নির্ধারণ ও বাস্তবায়নে এআই ব্যবহারের মাধ্যমে প্রকৌশল শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষক ও কর্মকর্তারা।

উল্লেখ্য, হিট প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত এ ল্যাবটি বাংলাদেশের এ ধরনের প্রথম উদ্যোগ। বিশ্বব্যাংকের অর্থায়নে এবং সরকারের তত্ত্বাবধানে বাস্তবায়িত এই ল্যাব দেশের টেকনিক্যাল শিক্ষাকে আধুনিকায়ন, নীতি নির্ধারণে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং বৈশ্বিক চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।