ক্যাম্পাস সংলগ্ন ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার

ঢাকার সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাস সংলগ্ন ইসলামনগর থেকে শারমিন নামে ওই বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।

আতাউর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Location :

Savar
নিহত শারমিন
নিহত শারমিন |নয়া দিগন্ত

ঢাকার সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাস সংলগ্ন ইসলামনগর থেকে শারমিন নামে ওই বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) বিকেল ৩টার দিকে জাবি ক্যাম্পাস সংলগ্ন এলাকার ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থী লোক প্রশাসন বিভাগের ২০২১–২০২২ সেশনের শিক্ষার্থী। উদ্ধারের সময় তার মাথায় আঘাতের চিহ্ন ও রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, শারমিনের স্বামী রোববার বিকেল ৩টা নাগাদ বাসায় ফিরে দরজা বাইরে থেকে বন্ধ পান। এরপর তিনি বাসার ভেতরে প্রবেশ করে শারমিনকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। এসময় তার জ্ঞান ছিল না বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

পরবর্তীতে বাড়িওয়ালার সহায়তায় শারমিনকে প্রথমে জাবি মেডিক্যাল সেন্টার ও পরে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

শারমিনের স্বামী ফাহিম জানান, সকালে তাদের দুজনের ফোন কেনার জন্য ঢাকা যাওয়ার কথা ছিল। কিন্তু শারমিনের প্রেসার লো থাকায় তিনি একা ঢাকা যান। এরপর তিনি ঢাকা থেকে কয়েকবার মেসেজ করে শারমিনের কোনো উত্তর পাননি। পরে শারমিনের মা শারমিনকে ফোনে না পেয়ে ফাহিমকে ফোন করেন। এরপর আনুমানিক বেলা ২টা থেকে ৩টার দিকে বাসায় এসে ফাহিম বাসার সামনের দরজা বন্ধ দেখেন। তখন অনেক বার নক করলেও বাসা খোলা হয়নি। এরপর বাড়িওয়ালা সেখানে উপস্থিত হন এবং পেছনের দরজা দিয়ে বাসায় ঢোকার পরামর্শ দেন। তখন বাসায় ঢুকে শারমিনকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। এসময় শারমিনের মাথাসহ একাধিক জায়গায় ক্ষত ছিল। সেই সাথে শারমিনের শরীরের উপরের অংশে কোনো কাপড় ছিল না বলে জানান। তখন বাড়িওয়ালার পরামর্শে উপরের অংশে কাপড় পরিয়ে হাসপাতালে নেন।

তিনি জানান, বাসায় যাওয়ার জন্য তারা লাগেজ গুছিয়ে রেখেছিলেন। সেই লাগেজটি এলোমেলো অবস্থায় পাওয়া গেছে। সেই সাথে শারমিনের ব্যবহৃত ফোন ও ল্যাপটপটি তিনি খুঁজে পাননি বলে জানান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাশিদুল আলম বলেন, ‘ওই শিক্ষার্থীকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে আনা হলে আমরা বিষয়টি সম্পর্কে অবগত হই। সেখান থেকে তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি জানান, ঘটনার বিষয়ে সাভার ও আশুলিয়া থানাকে অবহিত করা হয়েছে। তারা ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে। লাশের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত কার্যক্রম পরিচালনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশকে সর্বোচ্চ সহযোগিতা করছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম ফেসবুকে লেখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের ছাত্রী শারমিন জাহানকে আজ বিকেলে ক্যাম্পাস সংলগ্ন ইসলাম নগরের বাসা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তার মাথায় আঘাতপ্রাপ্ত এবং অস্বাভাবিক অবস্থায় পাওয়া যায়। এ মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক ঘটনা নয়। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু তা এখনো নিশ্চিত নয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো দুর্ঘটনা, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। পরবর্তীতে মামলা অনুযায়ী আইনি পদক্ষেপ গ্রহণ করব।