নির্বাচনে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানানোর পর ফোন করেও কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইটার) এক পোস্টে তিনি একথা জানান।
তারেক রহমানের সাথে ফোনে কথা বলে তিনি ‘আনন্দিত’ জানিয়ে ওই পোস্টে নরেন্দ্র মোদি আরো লেখেন, ‘বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে তারেক রহমানের প্রচেষ্টায় তার সমর্থন ও শুভকামনা থাকবে।’
তিনি আরো বলেন, ‘যেহেতু প্রতিবেশী দুই দেশ ঐতিহাসিক ও সাংস্কৃতিক গভীর বন্ধনে আবদ্ধ, আমি ভারতের পক্ষ থেকে বাংলাদেশ ও দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।’
এর আগে আরেক এক্স পোস্টে নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘আমি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে সুস্পষ্ট জয়ের পথে বিএনপিকে নেতৃত্ব দেয়ার জন্য তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই।’
‘এই বিজয় বাংলাদেশের জনগণের আপনার নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে সমর্থন অব্যাহত রাখবে।’
বাংলাদেশের নতুন সরকারের সাথে আগ্রহ প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরো জোরদার করতে এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যমাত্রা অগ্রসর করতে আপনার সাথে কাজ করার অপেক্ষায় রইলাম।’



