‘মব’ সৃষ্টি করে মতিঝিলে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ জাতীয় সমবায় শিল্প সমিতি লিমিটেডের কার্যালয় দখল করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
রোববার (১ মার্চ) রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন জাতীয় সমবায় শিল্প সমিতি লিমিটেডের নির্বাচিত সভাপতি লিপিকা দাস গুপ্তা।
তিনি বলেন, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি মতিঝিলে সমবায় ব্যাংক ভবনে অবস্থিত বাংলাদেশ জাতীয় সমবায় শিল্প সমিতি লিমিটেডের কার্যালয়ে বিএনপির দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন সর্দারের নেতৃত্বে দুই শতাধিক ব্যক্তি ‘মব’ সৃষ্টি করে হামলা ও ভাংচুর চালিয়ে লুট করে নেয়ার পর তাকে (লিপিকা দাস গুপ্তা) মারধর করে। এক পর্যায়ে সভাপতিকে বের করে কার্যালয়টিতে তালা লাগিয়ে দেয়। বিষয়টি জানিয়ে মতিঝিল থানায় অভিযোগ দেয়া হলেও পুলিশের পক্ষ থেকে তাদের অভিযোগের বিষয়ে কোন পদক্ষেপ নেয়া হয়নি।
সংবাদ সম্মেলনে লিপিকা দাস গুপ্তা অভিযোগ করে বলেন, রাজধানীর মতিঝিল থেকে ধানমন্ডি ও নিউ মার্কেট এলাকা নিয়ন্ত্রণ করেন মকবুল হোসেন সর্দার। তার স্ত্রী জান্নাত জাহান চামেলী ওরফে লুনা হোসেন নিউমার্কেট-ধানমন্ডি থানা এলাকার মহিলা যুবলীগ নেত্রী। আর তিনি বিএনপি নেতা। স্ত্রীর ক্ষমতায় গত ১৫ বছরে নিউমার্কেট ব্যবসায়ী সমিতি নিয়ন্ত্রণের মধ্য দিয়ে বেশ কয়েকটি দোকান দখল করে নেন। আর বিএনপি সরকার ক্ষমতায় আসার পরপরই দখল করে নেন জাতীয় সমবায় শিল্প সমিতি লিমিটেডের কার্যালয়।
তিনি সমিতির কার্যালয় উদ্ধার ও দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।


