রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজারের মধুবাগে বখাটেদের ছুরিকাঘাতে মো: রাব্বি (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন।
শুক্রবার রাত পৌনে ৮টার দিকে মধুবাগ মাদরাসা খেলার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাব্বি মগবাজার আঞ্জুমান হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। তিনি পঞ্চগড় জেলার বোদা থানার ফুলতলা গ্রামের রং মিস্ত্রি মো: ফারুকের ছেলে। বর্তমানে পরিবারের সাথে মগবাজার চেয়ারম্যান গলির একটি ভাড়া বাসায় থাকতেন রাব্বি। দু’ভাইয়ের মধ্যে সে ছিলেন বড়।
নিহতের পরিচিত কাজী সিয়াম আব্দুল্লাহ জানান, ইফতারের পর রাব্বি তার দুই বন্ধু ও এক বান্ধবীর সাথে মধুবাগ মাদরাসা খেলার মাঠ-সংলগ্ন একটি গলিতে আড্ডা দিচ্ছিলেন। ওই সময় স্থানীয় বখাটে উজ্জ্বলসহ পাঁচ-ছয়জন কিশোর তাদের ঘিরে ফেলে। কোনো একটি বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বখাটেরা রাব্বির বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় রাব্বিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কমিউনিটি হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে রাত পৌনে ৯টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো: ফারুক জানান, রাব্বির লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। ঘটনার বিস্তারিত হাতিরঝিল থানাকে জানানো হয়েছে।



