রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নতুন প্রকল্পের ভেতরে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে আব্দুর রহিম (৩৫) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, রোববার রাত সাড়ে ১০টার দিকে গণপিটুনির শিকার হন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে এলে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসাধীন রাখা হয়।
আব্দুর রহিমকে ঢামেকে নিয়ে আসা বিআইডব্লিউটিএ প্রজেক্টে সাইট ইঞ্জিনিয়ার বিপ্লব জানান, রাত সাড়ে ১০টার দিকে শর্শান ঘাট বিআইডব্লিউটিএ প্রজেক্টের ভেতরে রড চুরি করার সময় স্থানীয় লোকজন গণধোলাই দিলে গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।



