রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা আহত

রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে এ ঘটনা ঘটে।

নিজস্ব প্রতিবেদক
মোহাম্মদ শফিকুর রহমান
মোহাম্মদ শফিকুর রহমান |সংগৃহীত

রাজধানীর কলাবাগান এলাকায় দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ শফিকুর রহমান (৫৫) নামে এক বিএনপি নেতা আহত হয়েছেন। তিনি কলাবাগান থানার ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসাধীন রাখেন।

গুলিবিদ্ধ শফিকুরকে নিয়ে আসা শাহপরান জানান, ‘রাত সাড়ে ৯টার দিকে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে জুতার মার্কেটের সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা শফিকুরকে লক্ষ্য করে গুলি করলে তার বাম হাতের তালুতে গুলিবিদ্ধ হন। আমরা তাকে উদ্ধার করে স্থানীয় কমফোর্ট হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসাধীন রাখেন।’

তিনি আরো জানান, শফিকুর কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সিদলাই গ্রামের মৃত মফিদুল ইসলামের ছেলে। বর্তমানে টঙ্গীর মধ্যবিদ্যা রোড এলাকায় থাকেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে জুতার মার্কেটের সামনে অজ্ঞাতনামা দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ শফিকুর রহমান নামে এক বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়েছের। জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে। আহত ব্যক্তি কলাবাগান থানার ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক।