মোহাম্মদপুরে সন্ত্রাসী ‘এলেক্স গ্রুপ’ প্রধান মোহাম্মদ ইমনকে কুপিয়ে হত্যা

রোববার বিকেল ৫টার দিকে রায়েরবাজার বুদ্ধিজীবী বেড়িবাঁধের ঢালে এ সংঘর্ষ হয়।

নিজস্ব প্রতিবেদক
প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ‘এলেক্স গ্রুপ’র প্রধান মোহাম্মদ ইমনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

রোববার (১২ এপ্রিল) বিকেল ৫টার দিকে রায়েরবাজার বুদ্ধিজীবী বেড়িবাঁধের ঢালে এ সংঘর্ষ হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে এলেক্স গ্রুপ ও আরমান-শাহরুখ গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মারামারি ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালীন প্রতিপক্ষ গ্রুপের সদস্যরা ইমনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ইমন নিজেই একজন চিহ্নিত সন্ত্রাসী ছিল। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অপরাধে ১৮টি মামলা রয়েছে।

তিনি আরো জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। আটকরা হলেন- মো: সাইফ (২৩), তুহিন (২০) ও মো: রাব্বি কাজী (২৫)।

আটককৃতদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি চাপাতি, একটি কাটার ও একটি স্টিলের পাত উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।

পুলিশ জানায়, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।