পুলিশের লুট হওয়া পিস্তল দিয়ে ইন্সপেক্টরকে গুলি

‘গুলির খোসা দেখে ধারণা করা হচ্ছে এটি পিস্তলের গুলি। পুলিশ এই পিস্তল ব্যবহার করে। ৫ আগস্ট থানা থেকে এই পিস্তলটি লুট হতে পারে। এই পিস্তল দিয়েই মাদক কারবারীরা গুলি করেছে।’

নিজস্ব প্রতিবেদক
প্রতীকী ছবি

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে অভিযানকালে মাদক কারবারিদের গুলিতে মোহাম্মদ সিদ্দিকুর রহমান (৩৮) নামের এক ইন্সপেক্টর গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

সোমবার (২ মার্চ) দুপুর ১২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর খিলগাঁও অঞ্চল অভিযানকালে এই ঘটনাটি ঘটে।

পরে গুলিবদ্ধ অবস্থায় মোহাম্মদ সিদ্দিকুর রহমানকে উদ্ধার করে দুপুরে ১টার দিকে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসাধীন রাখেন।

জানা গেছে, অধিদফতরের দক্ষিণ অঞ্চলের সাত সার্কেল মিলে সায়েদাবাদ রেলগেট ও আশপাশের এলাকায় সোমবার সকাল থেকেই মাদকবিরোধী জোরালো অভিযান শুরু করে অধিদফতর। দুপুর ১২টার দিকে সায়েদাবাদ রেলগেট সংলগ্ন এলাকায় খিলগাঁও পরিদর্শক সিদ্দিক ও তার সঙ্গীয় ফোর্স এ সময় তিন ব্যক্তিকে দেখে সন্দেহ করেন।

এরমধ্যে একজনকে আটক করলেও বাকি দুজন পালিয়ে যায়। আটক ব্যক্তিকে পরে তল্লাশি করতে গেলে তার সাথে থাকা পিস্তল দিয়ে পরপর চার রাউন্ড গুলি করে। এর মধ্যে ১ রাউন্ড গুলি পরিদর্শক সিদ্দিকুর রহমানের বাম পাশের হাটুর নিচে বিদ্ধ হয়ে বেরিয়ে যায়। তিনি লুটিয়ে পড়েন। সাথে সাথে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, গুলির খোসা দেখে ধারণা করা হচ্ছে এটি পিস্তলের গুলি। পুলিশ এই পিস্তল ব্যবহার করে। ৫ আগস্ট থানা থেকে এই পিস্তলটি লুট হতে পারে। এই পিস্তল দিয়েই মাদক কারবারীরা গুলি করেছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শন) মোহাম্মদ ফারুক জানান, সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, খিলগাঁও অঞ্চলের একটি দল মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা সময় মাদক কারবারীদের গুলিতে ইন্সপেক্টর সিদ্দিকুর রহমান গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে জরুরি বিভাগে চিকিৎসাধীন রাখা হয়।