রাজধানীর শ্যামলীতে সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে (সিকেডিইউ) চাঁদাবাজির ঘটনায় করা মামলায় গ্রেফতার প্রধান আসামি মঈন উদ্দিন মঈনের চার সহযোগীর চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রিমান্ডকৃতরা হলেন মো: ফালান মিয়া (৪২), মো: রুবেল (৪২), মো: সুমন (৩৬) ও মো: লিটন মিয়া (৩৮)।
আজ সোমবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।
এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রাজধানীর শ্যামলীতে সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে পাঁচ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় গত ১১ এপ্রিল হাসপাতালটির অপারেশন থিয়েটার ইনচার্জ মো: আবু হানিফ রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় মঈন উদ্দিনকে প্রধান আসামি করা হয়। এ ছাড়া মামলায় আরো সাত থেকে আটজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩৮৫/৩৪ ধারার অভিযোগ আনা হয়েছে।



