রাজধানীর খিলগাঁও তিলপাপাড়া এলাকার একটি বাসা থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা পারিবারিক কলহের জেরে ছেলেকে জবাই করে হত্যার পর মা আত্মহত্যা করতে পারেন।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে তিলপাপাড়ার একটি বাসা থেকে তাদের উদ্ধার করা হয়। নিহতরা হলেন নার্গিস (৩৫) ও তার পাঁচ বছর বয়সী ছেলে মাহিম।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, খবর পেয়ে বিকেলের দিকে ওই বাসায় গিয়ে মা ও ছেলেকে পড়ে থাকতে দেখা যায়। নিহত নার্গিসের স্বামী পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশার চালক। দাম্পত্য ও পারিবারিক কলহ থেকেই এই মর্মান্তিক ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এসআই রফিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, স্বামীর সাথে কলহের জেরে মা তার পাঁচ বছরের শিশু সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।’
বিকেল পর্যন্ত সিআইডির ক্রাইমসিন ইউনিট ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আলামত সংগ্রহ শেষে লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।



