বরগুনার বেতাগীতে দীর্ঘদিন বন্ধ থাকার পর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় পুনরায় খুলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বেতাগী পৌর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে কয়েকজন নেতাকর্মীর উপস্থিতিতে অফিসটি খোলা হয়। এ সময় জয় বাংলা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
জানা গেছে, দেশের বিরাজমান পরিস্থিতিতে ২০২৪ সালের ৫ আগস্ট থেকে বেতাগী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তালাবদ্ধ ছিল। সোমবার সকাল ১০টার দিকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদার ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শামীমের নেতৃত্বে বেতাগী পৌর শহরের উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা ভাঙা হয়। এ সময় তারা শেখ মুজিবুর রহমান ও সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়ে জয় বাংলা স্লোগান দেন।
এমন পরিস্থিতিতে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কার্যালয়টি পরিষ্কার-পরিচ্ছন্ন করে পুনরায় কার্যক্রম শুরুর ঘোষণা দেয়া হয়। পুনরায় উদ্বোধনকালে বেতাগী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদার বলেন, ‘দলীয় কার্যালয় একটি রাজনৈতিক সংগঠনের প্রাণকেন্দ্র। এখান থেকেই সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়। তাই কার্যালয় বন্ধ থাকাটা নেতাকর্মীদের জন্য হতাশাজনক ছিল।’
বেতাগী ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম বলেন, ‘তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় রাখতে এবং দলকে সুসংগঠিত করতে নিয়মিত সভা-সমাবেশ ও আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হবে।’
এ সময় উপজেলা আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতাও উপস্থিত ছিলেন। তারা ছাত্রলীগের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তরুণ প্রজন্মের এমন উদ্যোগ দলকে আরো শক্তিশালী করবে। পাশাপাশি সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।



