স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘নির্বাচনে সহিংসতার কোনো আশঙ্কা নেই। এই নির্বাচন পিসফুলি (শান্তিপূর্ণভাবে) হবে।’
তিনি বলেন, ‘নির্বাচনে সারাদেশে সেনাবাহিনীর এক লাখ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া নৌবাহিনীর পাঁচ হাজার, বিজিবির ৩৭ হাজার, কোস্ট গার্ডের চার হাজার, পুলিশের দেড় লাখ, নয় হাজার র্যাব ও আনসারের পাঁচ লাখের অধিক সদস্য দায়িত্ব পালন করবেন।’
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
নির্বাচনে দায়িত্ব পালন করা নিয়ে পুলিশের ভেতর ‘মব’ ভীতি কাজ করছে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের রেঞ্জ ডিআইজি ও পুলিশ কমিশনারকে পাশে ডেকে এনে সাংবাদিকদের দেখিয়ে বলেন, ‘এই যে তাকাইয়া দেখো, ভীত মনে হচ্ছে?’
নির্বাচনের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, ‘প্রস্তুতি খুবই ভালো। সিসিটিভি প্রায় কেন্দ্রে লেগে গেছে। দু’ একটা কেন্দ্রে যেখানে বাউন্ডারি ওয়াল নাই, সেখানে বাঁশের বেড়া দিয়ে ব্যবস্থা করে দিবে। নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হয়ে যাবে।’
অবৈধ অস্ত্র নিয়ে উদ্বেগের ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি বারবারই বলছি, এখানে অবৈধ অস্ত্র কিন্তু প্রতিনিয়তই উদ্ধার হচ্ছে। নির্বাচনটা খুবই শান্তিপূর্ণভাবে হবে, উৎসবমুখরভাবেই হবে, পিসফুলি হবে।’
এর আগে, অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
সভায় অংশ নেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, ডিআইজি মোহাম্মদ শাহজাহান, মহানগর পুলিশ কমিশনার ড. জিল্লুর রহমানসহ পুলিশের আট জেলার পুলিশ সুপার (এসপি), আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি)।



