ময়মনসিংহে ২৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

২ লাখ টাকা জরিমানা

মেসার্স পপি ট্রেডার্স ফিলিং স্টেশনের আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে রাখা হচ্ছিল।

ময়মনসিংহ অফিস

Location :

Phulpur
ভ্রাম্যমান আদালতের অভিযান
ভ্রাম্যমান আদালতের অভিযান |নয়া দিগন্ত

ময়মনসিংহের ফুলপুরে অবৈধভাবে মজুদ করা ১৯ হাজার ৫০০ লিটার ডিজেল ও চার হাজার ৫০০ লিটার পেট্রোলসহ মোট ২৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মজুদকারীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা পয়ারী রোডের কাড়াহা মোড় এলাকার মেসার্স পপি ট্রেডার্স নামের ফিলিং স্টেশনে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমার নেতৃত্বে অভিযানে সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলামও উপস্থিত ছিলেন। অভিযানে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসানসহ পুলিশ সদস্যরা অংশ নেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মেসার্স পপি ট্রেডার্স ফিলিং স্টেশনের আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে রাখা হচ্ছিল। বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে ফিলিং স্টেশনের মালিক হাবিবুর রহমানকে দুই লাখ টাকা জরিমানা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে এসব জ্বালানি তেল মজুদ করে ফিলিং স্টেশনটি বন্ধ রাখা হয়। এতে স্থানীয় বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট দেখা দেয়ায় সাধারণ ক্রেতারা ভোগান্তিতে পড়েন।

ইউএনও সাদিয়া ইসলাম সীমা বলেন, ‘অবৈধভাবে জ্বালানি মজুদ করে বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা বরদাশত করা হবে না। জব্দ করা জ্বালানি তেল জনস্বার্থে অন্যান্য চালু ফিলিং স্টেশনের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করা হবে।’

তিনি জানান, জনস্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।