কক্সবাজারের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল ইমাম মুসলিম রহ. মাদরাসায় সহীহুল বুখারীর দরস উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে কক্সবাজারের লিংক রোডে মাদরাসা কমপ্লেক্স মিলনায়তনে উদ্বোধনী দরস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকার মারকাযুত তারবিয়াহ’র প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা সাইফুল্লাহ আইয়ুবী হাফি: বলেছেন, ‘যে ব্যক্তি ইলমে দ্বীন হাসিল করলো, সে আল্লাহর জিম্মায় চলে গেলো। ইলমে দ্বীন একজন মুমিনকে সিরাতুল মোস্তাকিমের পথ দেখায় এবং এটা আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত।’
তিনি বলেন, ‘হজরত মুহাম্মদ সা: আমাদের শেষ নবী, কেয়ামত পর্যন্ত পৃথিবীতে আল্লাহর পক্ষ হতে আর কোনো নবী আসবেন না। কিন্তু কেয়ামত পর্যন্ত ইলমে দ্বীনকে জারি রাখতে সময়ের ধারাবাহিকতায় নায়েবে নবী আসবেন। যুগে যুগে তারাই মুসলমানদেরকে সঠিক পথ দেখাবেন। আসুন সব হীনমন্যতা ছেড়ে দিয়ে ইলমে দ্বীনের কাজে আরো বেশি আত্মনিয়োগ করি।’
জামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক শায়েখ সালাহুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক ইসমাইল মুসার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত মুহাদ্দিস মাওলানা ওয়ালী উল্লাহ আরমান হাফি: ও কাজাকিস্তানের ইসলামী স্কলার বেরিক পারভিজ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, শায়খুল হাদিস আল্লামা আবদুল গফুর নদীম, সাবেক প্রিন্সিপাল মাওলানা জাফর উল্লাহ নুরী, জামিয়ার সিনিয়র শিক্ষক ও মদিনা বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. মাসুম বিল্লাহ, জামিয়ার নির্বাহী পরিচালক শায়েখ ক্বারী ওসমান প্রমুখ।
পরে অতিথি, শিক্ষক, বিপুলসংখ্যক শিক্ষার্থীদের উপস্থিতিতে মোনাজাতের মাধ্যমে সহীহুল বুখারীর দরস উদ্বোধন করা হয়।



