সিরাজদিখানে ৩ ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার লতব্দী ও বালুচর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Sirajdikhan
সিরাজদিখানে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
সিরাজদিখানে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় কৃষিজমির উপরিস্তরের মাটি ব্যবহার করে ইট প্রস্তুতের অভিযোগে তিনটি ইটভাটাকে নয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার লতব্দী ও বালুচর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে মেসার্স খোশাল মাদবর ব্রিকস, মেসার্স সামাদ ব্রিকস ও ইকোসিরামিক্স লিমিটেড ইটভাটায় কৃষিজমির মাটি ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। জেলা প্রশাসকের অনুমতি ছাড়া ইট প্রস্তুতে কৃষিজমির উপরিস্তরের মাটি ব্যবহার করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৫(১) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারায় শাস্তি দেয়া হয়।

এতে খোশাল মাদবর ব্রিকসের ম্যানেজার বনি আমিনকে দুই লাখ টাকা, সামাদ ব্রিকসের ম্যানেজার লালনকে দুই লাখ টাকা এবং ইকোসিরামিক্স লিমিটেডের ম্যানেজার ইমতিয়াজ মামুনকে পাঁচ লাখ টাকা জরিমানা করেন।

অভিযানে সহকারী কমিশনার (ভূমি) মো: তৌহিদুল ইসলাম বারি উপস্থিত ছিলেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদফতরের সিনিয়র কেমিস্ট মো: ছানোয়ার হোসেন।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স হালনাগাদ, পরিবেশগত ছাড়পত্র নবায়ন ও কৃষিজমির মাটি ব্যবহার বন্ধের নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।