মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোবিন্দগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আমির মাস্টার আবুল হোসাইনের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি আশরাফুল ইসলাম রাজু অনুষ্ঠান সঞ্চালনা করেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) স্থানীয় দারুল ফোরকান ট্রাস্ট মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় ইউনিট সদস্য ডা: আব্দুর রহিম সরকার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুরুন নবী প্রধান, মাওলানা আব্দুল বারী, প্রভাষক ওলিউর রহমান, আব্দুল হান্নান প্রমুখ।
সভায় বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের চেতনা, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তারা বলেন, স্বাধীনতার প্রকৃত লক্ষ্য ছিল একটি ইনসাফভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠন, যা আজও বাস্তবায়নের দাবি রাখে।
বক্তারা আরো বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এজন্যে ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামীর কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা জামায়াতের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



