পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য (এমপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘দেশের শিক্ষানীতিকে সময়োপযোগী ও আদর্শভিত্তিকভাবে নতুন করে ঢেলে সাজাতে হবে।’
তিনি শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার ওপর জোর দিয়ে বলেন, ‘বর্তমান ব্যবস্থায় শিক্ষার্থীরা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী জানার সুযোগ পেলেও আল্লাহর রাসূল সা:-এর সাহাবায়ে কেরাম ও পবিত্র কোরআনের শিক্ষা যথাযথভাবে অর্জনের সুযোগ পায় না।’
মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে বাউফল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলা শাখার উদ্যোগে পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘শুধু ট্যালেন্টপুল বৃত্তি বা ভালো ফলাফল দুনিয়া ও আখেরাতে কল্যাণ বয়ে আনবে না। শিক্ষাকে হতে হবে নৈতিকতা ও আদর্শে সমৃদ্ধ। আমাদের শিক্ষার্থীদের জান্নাতের উপযোগী করে গড়ে তুলতে হবে।’
কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা আমাদের মুখ উজ্জ্বল করেছ, পরিবার ও বাউফলকে সম্মানিত করেছ। কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করা কঠিন, কিন্তু অর্জন ধরে রাখা আরো কঠিন। শুধু ভালো ফল করলেই চলবে না, একজন ভালো মানুষ হিসেবেও নিজেকে গড়ে তুলতে হবে।’
তিনি আরো বলেন, ‘আজ তোমাদের হাতে যে ক্রেস্ট, উপহার ও রজনীগন্ধার ফুল তুলে দেয়া হচ্ছে, এটা শুধু ক্রেস্ট ও ফুল নয় এটা ভবিষ্যতের বড় দায়িত্বের বোঝা। আমরা সংবর্ধনা দিচ্ছি আগামী দিনের ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিক্যাল কলেজ ও দেশ-বিদেশের উন্নত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের।’
এমপি মাসুদ বলেন, ‘আমরা ভোট চেয়েছি মাদক, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে। গরু চুরি, রিকশা চুরি, ব্যাটারি চুরি কিংবা তরমুজ চুরির মতো অপরাধের পেছনে বড় কারণ মাদক। মাদক নির্মূল করা গেলে সমাজে অপরাধ অনেকাংশে কমে যাবে।’
তিনি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত উদ্যোগে এক সপ্তাহের মধ্যেই মাদক নির্মূল সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন।
ড. মাসুদ বলেন, ‘চরিত্র ছাড়া ক্যারিয়ার গঠন উন্মুক্ত সিংহের চেয়েও ভয়ঙ্কর। হযরত ইসমাইল আ:-এর মতো সন্তান পেতে হলে হযরত ইব্রাহিম আ: ও হাজেরা আ:-এর মতো বাবা-মা হতে হবে।’
তিনি আরো বলেন, ‘আমি এমপি বা জনপ্রতিনিধি নই, আমি মানুষের সেবক। মাদক, চাঁদাবাজ, দখলদার ও দুর্নীতিমুক্ত আধুনিক বাউফল গড়তে চাই।’
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলা শাখার সভাপতি লিমন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় দাওয়া সম্পাদক অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ, সাবেক কেন্দ্রীয় নেতা আতিকুর রহমান নজরুল, সাবেক জেলা সভাপতি মো: রাকিবুল ইসলাম নুর, মুজাহিদুল ইসলাম ও সেক্রেটারি আরিফুর রহমান।
অনুষ্ঠানে বাউফলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে প্রধান অতিথি পঞ্চম ও অষ্টম শ্রেণির সাধারণ ও ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত মোট ১৬৬ জন শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও উপহার সামগ্রী বিতরণ করেন।



