নৌ-ব্যবস্থাপনা উন্নয়নে সরেজমিনে এসেছি সব মানুষের স্বার্থে : প্রতিমন্ত্রী রাজীব আহসান

নলচিরা-চেয়ারম্যানঘাটে নৌ-ব্যবস্থাপনা উন্নয়নে সরেজমিনে এসেছি সব মানুষের স্বার্থে, কোনো দল-মতের কথা বিবেচনা করে নয় বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো: রাজীব আহসান।

ইফতেখার হোসেন, হাতিয়া (নোয়াখালী)

Location :

Hatia
নলচিরা-চেয়ারম্যানঘাট পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী মো: রাজীব আহসান
নলচিরা-চেয়ারম্যানঘাট পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী মো: রাজীব আহসান |নয়া দিগন্ত

নলচিরা-চেয়ারম্যানঘাটে নৌ-ব্যবস্থাপনা উন্নয়নে সরেজমিনে এসেছি সব মানুষের স্বার্থে, কোনো দল-মতের কথা বিবেচনা করে নয় বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো: রাজীব আহসান।

শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে নোয়াখালীর হাতিয়ায় নলচিরা-চেয়ারম্যানঘাট পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী মো: রাজীব আহসান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রত্যন্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এবং মানুষের নিরাপদ যাতায়াতের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দায়িত্বশীল পদে থেকে আমরা নিজ উদ্যোগে হাতিয়ার মানুষের নদী পথে যাতায়াত সহজ করতে স্থানীয় সমস্যাগুলো সরেজমিনে দেখতে এসেছি।’

স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হাতিয়ার দুই পাশের ফেরিঘাট আরো প্রশস্ত করা হবে এবং ঈদুল আজহার আগে আরেকটা পরীক্ষামূলক ফেরি যুক্ত করার জন্য চেষ্টা করছি। নদীর নাব্যতা স্বাভাবিক রাখার ব্যাপারে কাজ চলমান আছে। ফেরির র‍্যাম্প টেকসই করার জন্য দুই পাশের রিভার ব্যাংক স্থায়ীকরণে পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছি।’

এছাড়া মন্ত্রণালয়ের আরো কিছু সুন্দর পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

এ সময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল, হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও স্থানীয় এলাকার মানুষ উপস্থিত ছিলেন।