নারায়ণগঞ্জে যুবক নিখোঁজ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

মামলায় অভিযুক্তরা হলেন— মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা (৫১), কাশেম (ভাঙারি ব্যবসায়ী) (৪৫), সাব্বির (২১), শাকিল (২৮), পাপ্পু (৪০), মো. আলী মিয়া (৩৮), জাহিদ (৩৫), রাজ্জাক (৫০), ওয়াসিম (২৩) ও লাল শুভ (২০)। এছাড়া মামলায় আরো ৪-৫ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

Location :

Narayanganj

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় শুভ নামের এক যুবককে ডেকে নিয়ে মারধরের পর গুম করার অভিযোগে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানাকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পরিবারের দাবি, দ্রুত তাকে উদ্ধার করা না গেলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) নিখোঁজ শুভর (২১) মা মাকসুদা বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ বিকেলে শুভ সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী এলাকায় শ্বশুরবাড়িতে যান। পরে সন্ধ্যায় আসামি শাকিল তাকে ফোন করে পূর্ব ইসদাইর রেললাইন এলাকায় ডেকে নেয়। সেখানে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন আসামি তাকে মারধর করে।

একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় শুভ মাটিতে লুটিয়ে পড়লে তাকে একটি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটিও নিয়ে যাওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলায় অভিযুক্তরা হলেন— মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা (৫১), কাশেম (ভাঙারি ব্যবসায়ী) (৪৫), সাব্বির (২১), শাকিল (২৮), পাপ্পু (৪০), মো. আলী মিয়া (৩৮), জাহিদ (৩৫), রাজ্জাক (৫০), ওয়াসিম (২৩) ও লাল শুভ (২০)। এছাড়া মামলায় আরো ৪-৫ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ সাব্বির, রাজ্জাক ও ওয়াসিম নামে তিনজনকে গ্রেফতার করেছে।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর থেকে শুভ নিখোঁজ রয়েছেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজের মা মাকসুদা বেগম অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তার ছেলেকে অপহরণ করে গুম করা হয়েছে এবং তাকে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়েছে। তিনি তার সন্তানের দ্রুত উদ্ধারের দাবি জানান।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই মিলন ফকির জানান, মামলা গ্রহণ করা হয়েছে এবং ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। নিখোঁজ যুবককে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, অভিযুক্তদের গ্রেফতার এবং নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।