মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল দুর্ঘটনায় শাহাদাৎ খলিফা নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলো শাহাদাৎ।
শনিবার (২১ মার্চ) ঈদের দিন বিকেলে শিবচর-জাজিরার সীমানা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাদাৎ খলিফা শিবচর উপজেলার দ্বিতীয় খন্ড ইউনিয়নের খলিফাকান্দি গ্রামের হীরু খলিফার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের আনন্দ ভাগাভাগি করতে শাহাদাৎ তার বন্ধুদের নিয়ে একটি ভ্যানযোগে ঘুরতে বেড়িয়েছিল। পথে শিবচর-জাজিরার সীমানা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে তাদের ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সংঘর্ষের তীব্রতায় শাহাদাৎ ভ্যান থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। পথচারীরা তাকে দ্রুত উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ইমারজেন্সি মেডিক্যাল অফিসার পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘নিহতের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকলে লাশ হস্তান্তর করা হবে। তবে পরিবার থেকে অভিযোগ পাওয়া গেলে লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে।
উল্লেখ্য, মাদারীপুর ও জাজিরা সীমান্তের নিকটবর্তী সীমানা নামক স্থানে গত বছর মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দু’জন মারা যায়। এই স্থানে প্রত্যেক বছর দুর্ঘটনা ঘটে।



