মিরসরাইয়ে ২ দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী, পরিবারে উৎকণ্ঠা

দুপুর পর্যন্ত বাজারের ব্যবসায়ীরা তাকে ব্যবসা প্রতিষ্ঠানে দেখেছেন। তবে সন্ধ্যা নাগাদ পরিবারের সদস্যরা ব্যবসায়ী রবির ব্যবহৃত মোবাইলফোনে কল দিয়ে বন্ধ পান।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
নিখোঁজ ব্যবসায়ী মো: রবি
নিখোঁজ ব্যবসায়ী মো: রবি |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মো: রবি নামে এক ব্যবসায়ী গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি মিরসরাই পৌরবাজারে পাইকারি সবজির ব্যবসা করে থাকেন।

নিখোঁজ মো: রবি মিরসরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গোভনীয়া গ্রামের মরহুম শামসুল ইসলামের ছেলে।

এ ঘটনায় পরিবারে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজের বিষয়ে সংশ্লিষ্ট পরিবারের পক্ষ থেকে মিরসরাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) প্রতিদিনের মতো সকালে ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন ওই ব্যবসায়ী। দুপুর পর্যন্ত বাজারের ব্যবসায়ীরা তাকে ব্যবসা প্রতিষ্ঠানে দেখেছেন। তবে সন্ধ্যা নাগাদ পরিবারের সদস্যরা ব্যবসায়ী রবির ব্যবহৃত মোবাইলফোনে কল দিয়ে বন্ধ পান। এরপর সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ রবির ভাই শহীদ বলেন, ‘আমার ভাই নিয়মিত ব্যবসায়িক কাজে বাইরে যেতেন। তবে এভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা আগে কখনো ঘটেনি। বিষয়টি নিয়ে পরিবারের সবাই উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আমরা খুবই দুশ্চিন্তায় আছি। কোথাও তাকে খুঁজে পাচ্ছি না। প্রশাসনের কাছে দ্রুত তাকে খুঁজে বের করার জন্য অনুরোধ জানাচ্ছি।’

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, এ বিষয়ে একটি জিডি গ্রহণ করা হয়েছে এবং নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে পুলিশ কাজ শুরু করেছে।