যশোরের চৌগাছায় গরুর হাটে অজ্ঞান করে এক কৃষকের লাখ টাকা হাতিয়ে নিয়ে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে পৌর শহরের চৌগাছা গরুর হাটে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। পরে ফেসবুকে ওই ব্যক্তির ছবি দেখে তার আত্মীয়-স্বজনরা চৌগাছা হাসপাতালে আসেন।
স্বজনরা জানান, ওই ব্যক্তির নাম আমজাদ আলী (৭০)। তিনি যশোর সদর উপজেলার চুরামনকাটি ইউনিয়নের আব্দুলপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক।
তারা আরো জানান, আমজাদ আলী একটি গরু কেনার জন্য বাড়ি থেকে এক লাখ টাকা নিয়ে চৌগাছা পশুহাটের উদ্দেশে আসেন।
আমজাদ আলী বর্তমানে অচেতন অবস্থায় চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে ভর্তি আছেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম।



