ঝিনাইদহের মহেশপুরে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে গণধর্ষণের পর ভিডিও ধারণ করে এলাকায় উল্লাস করার ঘটনায় প্রধান আসামিসহ দু’জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মহেশপুর থানা পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি হযরত আলী (১৮) ও আসের আলী রাজুকে (১৮) আটক করা হয়।
আটক হযরত আলী মহেশপুর উপজেলার বাগদিরায়ার আইট গ্রামের হাফিজুর রহমানের ছেলে ও আসের আলী রাজু সামন্তা চারাতলা পাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনার পর পরই অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। এ পর্যন্ত দু’জনকে আটক করা সম্ভব হলেও বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত ২৬ মার্চ সন্ধ্যায় উপজেলার সামন্তা বাগদিয়ারাইট গ্রামে ওই স্কুলছাত্রীকে পথ থেকে তুলে নিয়ে গিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করা হয়। এ সময় ধর্ষকরা ভিডিও ধারণ করে এবং পরে তা ছড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয় বলে জানায় ভুক্তভোগীর পরিবার।
প্রথমে ঘটনাটি গোপন থাকলেও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এরপর থানা পুলিশ বিষয়টি আমলে নিয়ে তদন্তে নামে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, মামলাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে ইতোমধ্যে প্রধান আসামিসহ দু’জনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের দ্রুত আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।



