নেত্রকোনার বারহাট্টা উপজেলায় শিশু তুবা (৯) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলা মোড়ে শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মানববন্ধন কর্মসূচিতে নিহত শিশু তুবার বাবা রফিকুল ইসলাম ও মা চিনি আক্তারসহ আরো অনেকে বক্তব্য রাখেন। তারা দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনানুগভাবে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান সাংবাদিকদের জানান, আসামিদের গ্রেফতারের জন্য জোর তৎপড়তা অব্যাহত রয়েছে। খুব দ্রুত আসামিদের গ্রেফতার করে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে বলে আশা করছি।
উল্লেখ্য, গত ৬ মার্চ দুপুরে নিজেদের শোবার ঘর থেকে শিশু তুবার বিবস্ত্র ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ঘটনাকালীন পেশাগত কাজে পরিবারের সকলে ঘরের বাইরে থাকার কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
ময়নাতদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শিশুটির শরীরে আঘাত ও নির্যাতনের একাধিক চিহ্ন পাওয়া গেছে। হত্যার পরদিন (৭ মার্চ) শিশুর বাবা রফিকুল ইসলাম অজ্ঞাতনামাদের বিরুদ্ধে বারহাট্টা থানায় মামলা দায়ের করেন।



