চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ছোড়া গুলিতে আজাদ হোসেন (৩০) নামের এক বাংলাদেশী নাগরিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার নতুনপাড়া সীমান্তের ৬৫/১ এস পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আজাদ জীবননগর উপজেলার নতুনপাড়া গ্রামের বাসিন্দা ও বদর উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজাদসহ আরো দুই থেকে তিনজন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। অভিযোগ রয়েছে, তারা মাদকদ্রব্য আনতে সীমান্ত পার হওয়ার উদ্দেশে শূন্যরেখা অতিক্রম করে তারকাঁটা কাটার সময় বিএসএফের একটি টহল দল তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে আজাদ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তবে তার সাথে থাকা অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার পর স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: তারেক জুনায়েদ বলেন, ‘রাতে আজাদ হোসেন নামের এক ব্যক্তি শরীরের বিভিন্ন স্থানে ছররা গুলির আঘাত নিয়ে হাসপাতালে আসেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।’
আজাদ বলেন, ‘সীমান্ত এলাকায় গেলে হঠাৎ গুলির শব্দ শুনতে পাই। পরে বুঝতে পারি আমি গুলিবিদ্ধ হয়েছি। এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।’
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, ‘একজন ব্যক্তি সীমান্ত এলাকায় ছররা গুলিতে আহত হয়েছেন বলে শুনেছি। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বর্তমানে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য আমার কাছে নেই।‘
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট বিজিবি ইউনিটের (মহেশপুর ৫৮ বিজিবি) পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।



