তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

অনলাইন পোর্টাল ও আইপি টিভি নীতিমালার আওতায় আনা হবে

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের নান্দাইল প্রেস ক্লাব পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
নান্দাইল প্রেস ক্লাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
নান্দাইল প্রেস ক্লাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী |নয়া দিগন্ত

দীর্ঘ ১৭ বছরের অনিয়ম-অব্যবস্থাপনার অবসান ঘটিয়ে গণমাধ্যম খাতে শৃঙ্খলা ফেরানোর ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, আর দায়সারা পরিচালনা নয়—এখন থেকে সবকিছু চলবে নিয়মের ভিতের ওপর দাঁড়িয়ে। দেশের আইপি টিভি ও অনলাইন পোর্টালগুলোকে শিগগিরই একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় আনা হবে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের নান্দাইল প্রেস ক্লাব পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘একটি মোবাইল ফোনকে সম্বল করে যারা অনলাইন পোর্টাল পরিচালনা করছেন, তাদেরও সরকারি নীতিমালা মেনে চলতে হবে।’

তিনি উল্লেখ করেন, ‘এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আলোচনা হয়েছে।’

সরকার গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করতে চায় না বলেও তিনি জানান।

তিনি আরো বলেন, ‘স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের বিকাশে অপরিহার্য। তাই শৃঙ্খলার মধ্যে থেকেই গণমাধ্যমের বিকাশ নিশ্চিত করা হবে।’

পরে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন প্রতিমন্ত্রী। সেখানে তিনি বিভিন্ন দফতরের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এরপর তিনি নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে রোগীদের চিকিৎসা সেবার খোঁজখবর নেন।