নিজেদের ম্যান্ডেট হারিয়ে যেতে পারে—এই আশঙ্কায় জনচাপে পড়ে অনেক দিন পরে এসে তারেক রহমান ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন বলে অভিযোগ করেছেন রংপুর-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি সদস্যসচিব আখতার হোসেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টায় পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের বালাপাড়ায় আব্দুল হালিমের বাড়িতে অনুষ্ঠিত উঠান বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
আখতার হোসেন বলেন, “রংপুরে এসে তারেক রহমান ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলেছেন। কিন্তু ঐক্যবদ্ধ কমিশনে আমরা তাদের আন্তরিকতা দেখিনি। আমরা যে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছি, সেখানেও তাদের আন্তরিকতা লক্ষ্য করা যায়নি। বরং জনচাপে পড়ে এবং নিজেদের ম্যান্ডেট হারিয়ে যাওয়ার ভয়ে তারেক রহমান ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বলেছেন। তাদের নেতাকর্মীদের শত শত ভিডিও রয়েছে ‘না’ ভোটের পক্ষে। ছাত্রদলের ক্যাম্পেইনও ছিল ‘না’ ভোটের পক্ষে। ছাত্রদল তাদের ফেসবুক পেজে সুন্দর গ্রাফিক্স করে ‘না’ লিখে পোস্ট দিয়েছে। তাই তারা যতই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলুক না কেন, জনগণ তাদের গ্রহণ করেনি।”
তিনি আরো বলেন, “বাংলাদেশের মানুষ রাষ্ট্র সংস্কারের যেদিকে সম্ভাবনা দেখবে, সেদিকেই সমর্থন জানাবে। আগামী নির্বাচনে একটি বিষয় খুবই ইন্টারেস্টিং—আগে যারা আওয়ামী লীগকে ঠেকাতে বিএনপি-জামায়াতকে ভোট দিতেন, এখন তারা বিএনপিকে ঠেকাতে এনসিপি-জামায়াত তথা ১১ দলীয় জোটকে ভোট দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।”
আখতার হোসেন বলেন, “বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে যে পরিবর্তন, যে উন্নত বাংলাদেশের স্বপ্ন—এই দেশের মানুষ দীর্ঘদিন আওয়ামী লীগের দ্বারা নিপীড়িত ছিল। আওয়ামী লীগ থেকে মুক্তির পর তারা যে বড় স্বপ্ন দেখেছিল, সেখানে বিএনপি বাধা হয়ে দাঁড়াবে, তা তারা ভাবতেই পারেনি। সে কারণেই তারা সেখান থেকে সরে এসে ১১ দলীয় জোটের কথা ভাবছে। ফলে দেশী-বিদেশী যত ষড়যন্ত্রই থাকুক না কেন, জনগণ ১১ দলীয় জোটকে বিজয়ী করে সরকার গঠন করবে—ইনশাআল্লাহ।”
এ সময় তার সঙ্গে স্থানীয় জামায়াত ও এনসিপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুপুর থেকে রাত পর্যন্ত কান্দি ও কৈকুড়ি ইউনিয়নে গণসংযোগ ও একাধিক উঠান বৈঠকে তিনি বক্তব্য দেন।



