বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বাস, ব্যাটারিচালিত ইজিবাইক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে হেমায়েত রাজা (৪৭) নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ১৪ জন।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টায় বাকেরগঞ্জের বোয়ালিয়া (রেইনট্রিতলা) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হেমায়েত রাজা বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের কাজলাকাঠি গ্রামের রুস্তম রাজার ছেলে। তিনি দুর্ঘটনার শিকার ইজিবাইকটির চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে কুয়াকাটাগামী শ্রাবনী পরিবহনের একটি বাস অপর একটি বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইক ও মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ব্যাটারিচালিত ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং মোটরসাইকেল আরোহী ছিটকে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হন। বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।
দুর্ঘটনায় আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালায়।
বাকেরগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি এবং হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।



