বিআরটিসি বাসচালককে মারধরের পর সড়কে বাস না চালানোর হুমকি

হামলাকারীরা তার শার্টের পকেটে থাকা আনুমানিক সাড়ে তিন হাজার টাকা নিয়ে নেয়। পাশাপাশি ভবিষ্যতে বিআরটিসির কোনো বাস এ সড়কে প্রবেশ করলে ড্রাইভারের লাশ ফেলে দেয়া হবে এমন হুমকিও দেয়া হয় বলে দাবি করেন তিনি।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Anwara
বিআরটিসি বাসচালককে মারধর
বিআরটিসি বাসচালককে মারধর |নয়া দিগন্ত গ্রাফিক্স

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সরকারি পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) এক বাসচালককে মারধর ও নগদ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় লাইনম্যান ও লোকাল বাসস্টাফদের বিরুদ্ধে। একইসাথে চট্টগ্রাম-আনোয়ারা সড়কে বিআরটিসি বাস চলাচল বন্ধ করে দেয়ার হুমকির অভিযোগও করেছেন ভুক্তভোগী ওই চালক।

বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত চালক মো: যুবরাজ (২৬) আনোয়ারা থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, প্রতিদিনের মতো ওইদিন সকালে চাতরী চৌমুহনী বাজারে যাত্রী তুলছিলেন। এ সময় বাজারের নিয়োজিত লাইনম্যান ও চট্টমেট্রো-জ-০৪-০১৫৭ রেজিস্ট্রেশন নম্বরের একটি লোকাল বাসের চালক-সহকারীসহ পাঁচ-ছয়জন ব্যক্তি তাকে ঘিরে ধরে। একপর্যায়ে তাকে গাড়ি থেকে নামিয়ে শারীরিকভাবে আক্রমণ করা হয়।

অভিযোগে আরো বলা হয়, হামলাকারীরা তার শার্টের পকেটে থাকা আনুমানিক সাড়ে তিন হাজার টাকা নিয়ে নেয়। পাশাপাশি ভবিষ্যতে বিআরটিসির কোনো বাস এ সড়কে প্রবেশ করলে ড্রাইভারের লাশ ফেলে দেয়া হবে এমন হুমকিও দেয়া হয় বলে দাবি করেন তিনি।

ঘটনার পর বিষয়টি স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আনোয়ারার বিভিন্ন এলাকার বাসিন্দা ও কলেজগামী শিক্ষার্থীরা চাতরী থেকে নিউ মার্কেট পর্যন্ত বিআরটিসি বাস চলাচলকে জনস্বার্থে প্রয়োজনীয় বলে উল্লেখ করে এর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন। তাদের মতে, স্বল্প ভাড়ায় নিরাপদ যাতায়াতের সুযোগ থাকায় বিআরটিসি বাস সাধারণ মানুষের জন্য স্বস্তির পরিবহন।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জুনায়েত চৌধুরী বলেন, ‘লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ঘটনার পর থেকে সড়কটিতে পরিবহনশৃঙ্খলা ও যাত্রীনিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, সরকারি পরিবহন সেবায় বাধা ও হামলার ঘটনায় দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরো অস্থিরতা তৈরি হতে পারে।