দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুন্সীগঞ্জের ১২ নেতাকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দলের কেন্দ্রীয় দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন- নাসির ডাক্তার (সদস্য, আধারা ইউনিয়ন বিএনপি), শাহাদাৎ হোসেন সরকার (সদস্য, মুন্সীগঞ্জ জেলা বিএনপি), মাহবুবুর রহমান খান (সদস্য, মুন্সীগঞ্জ জেলা বিএনপি), অ্যাডভোকেট মাহবুব আলম স্বপন (সদস্যসচিব, পৌর বিএনপি মুন্সীগঞ্জ সদর থানা), মীর শরিফ (সভাপতি, ৬ নম্বর ওয়ার্ড পৌর বিএনপি), দিদার হোসেন (সাধারণ সম্পাদক, আধারা ইউনিয়ন বিএনপি), দেলোয়ার দেওয়ান (সাবেক সভাপতি, আধারা ইউনিয়ন বিএনপি), আলমগীর মিজি (সাবেক সহসভাপতি, মহাখালী ইউনিয়ন বিএনপি), জাহাঙ্গীর আলম ডালিম (যুগ্ম সাধারণ সম্পাদক, পঞ্চসার ইউনিয়ন বিএনপি), নিজাম উদ্দিন মেম্বার (যুগ্ম আহ্বায়ক, যুবদল মুন্সীগঞ্জ জেলা), বাবুল মিয়া (সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদর উপজেলা যুবদল) ও তানভীর আহম্মেদ তারমিন (আহ্বায়ক সদস্য, সদর উপজেলা যুবদল)। এছাড়া ইফতেখার আলম রিপনকেও বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে।
ভবিষ্যতে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করা হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।



