আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে পটুয়াখালী শহরে সক্রিয় হয়ে ওঠেছে ছিনতাইকারী চক্র। ব্যাংকে অবস্থান নিয়ে সুযোগ বুঝে গ্রাহকদের টাকা ছিনতাই ও ব্যাগ কেটে অর্থ হাতিয়ে নেয়ার পরিকল্পনার অভিযোগে একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১টার দিকে শহরের নিউটাউন এলাকার একটি ব্যাংক শাখায় চার সদস্যের একটি দল সন্দেহজনকভাবে অবস্থান নেয়। ব্যাংকে লেনদেন করতে আসা গ্রাহকদের গতিবিধি পর্যবেক্ষণ করছিল তারা।
গোপন সংবাদের ভিত্তিতে সাদা পোশাকে সেখানে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করা হলেও অপর এক সদস্য পালিয়ে যায়।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, গ্রেফতারকৃতরা হলেন বাগেরহাট জেলার রবি (৫০), খুলনা জেলার ঝন্টু (৪৮) ও দেলোয়ার হোসেন (৬০)। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
তিনি বলেন, ‘ঈদকে সামনে রেখে ব্যাংক ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। সতর্ক অবস্থানের কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই তাদের আটক করা সম্ভব হয়েছে।’
ব্যাংক সংশ্লিষ্টরা জানায়, প্রতি ঈদ ও কোরবানির মৌসুমে এ ধরনের চক্র সক্রিয় হয়ে ওঠে। তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিরাপত্তা জোরদার করা হয়েছিল।
পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ গ্রাহকরা। সংশ্লিষ্টরা মনে করেন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত থাকলে ঈদকে ঘিরে অপরাধ প্রবণতা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।



