বাংলাদেশ জামায়াতে ইসলামীর পার্লামেন্টারি বোর্ডের সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, ‘সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা–কর্মীরা কঠোর পরিশ্রম করে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করেছেন। নির্বাচনের আগে আমরা জনগণের কাছে গিয়ে তাদের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছি, উন্নয়নের কথা বলেছি। এখন সময় এসেছে সেই ওয়াদা বাস্তবায়নের।’
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সাতকানিয়া উপজেলা জামায়াতের দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহজাহান চৌধুরী বলেন, ‘সংগঠনের প্রত্যেক কর্মীকে একেকজন এমপির মতো দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। মানুষের আস্থা অর্জনই হবে আমাদের মূল লক্ষ। জনগণের সুখ–দুঃখে পাশে দাঁড়িয়ে সেবার মানসিকতা নিয়ে কাজ করলে ইনশাআল্লাহ জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে।’
উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ তারেক হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী।
এ সময় আরো বক্তব্যে রাখেন- সাতকানিয়া জামায়াতের সাবেক আমির ও সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা: নুরুল হক, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের মজলিসে শূরার সদস্য এম ওয়াজেদ আলী, সাতকানিয়া পৌরসভা জামায়াতের আমির অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, নায়েবে আমির মো: শাহ আলম, সেক্রেটারি মাস্টার জাহাঙ্গীর আলম, সাতকানিয়া জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আজিজুর রহমান, মাওলানা আবু তাহের, শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া শাখার সভাপতি মো: ইউনুছ এবং ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি আসহাব উদ্দিনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।



