মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর মণিপুরি ললিতকলা অ্যাকাডেমিতে নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
দিনব্যাপী নানা কর্মসূচি শেষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় মাধবপুর ললিতকলা অ্যাকাডেমি অডিটরিয়ামে এক আলোচনা সভা, সম্মাননা সনদ প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আসাদুজ্জামানের সভাপতিত্বে ও ললিতকলা অ্যাকাডেমির সঙ্গীত প্রশিক্ষক সুতপা রাণী সিনহার সঞ্চালনায় অতিথি হিসেবে ছিলেন মণিপুরি সমাজকল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাবেক সঙ্গীত প্রশিক্ষক গৌরহরি চ্যাটার্জি, বীর মুক্তিযোদ্ধা নিমাই সিংহ প্রমুখ।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মনিপুরী ললিতকলা অ্যাকাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্মল এস পলাশ।
আলোচনা সভা শেষে অতিথিরা সঙ্গীত, নৃত্য, কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



