নলডাঙ্গায় ডিজেল সঙ্কটের কারণে দুশ্চিন্তায় কৃষকরা

প্রয়োজন অনুযায়ী ডিজেল না পেয়ে ইরিসহ বিভিন্ন ফসলে পানি সেচ দিতে পারছেন না কৃষকরা।

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
ডিজেল সঙ্কট
ডিজেল সঙ্কট |নয়া দিগন্ত

নাটোরের নলডাঙ্গায় ডিজেল সঙ্কটের কারণে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। প্রয়োজন অনুযায়ী ডিজেল না পেয়ে ইরিসহ বিভিন্ন ফসলে পানি সেচ দিতে পারছেন না তারা। ইরি আবাদের এই ভরা মৌসুমে ইরান-আমেরিকা যুদ্ধের কারণে একজন কৃষককে এক বা দুই লিটারের বেশি ডিজেল দেয়া হচ্ছে না।

স্থানীয় পর্যায়ে ডিজেল সঙ্কটের কারণ হলো ব্যবসায়ীদের সিন্ডিকেট। এছাড়া অবৈধভাবে পুকুর কেটে মাটি বহনের ট্রলির জন্য শত শত লিটার ডিজেল ব্যবহার করা হচ্ছে। একজন কৃষক সবচেয়ে ছোট স্কিম করলেও প্রতিদিন কমপক্ষে তিন থেকে পাঁচ লিটার ডিজেল প্রয়োজন। যেখানে বৈধ ও অতি আবশ্যক কাজের জন্য এক বা দুই লিটারের বেশি ডিজেল দেয়া হচ্ছে না।

কৃষকরা দ্রুত এর প্রতিকার চান। তাদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতি দ্রুত যেন এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে।

কৃষক নজরুল ইসলাম ও ফিরোজ প্রামানিক বলেন, ‘ফসল চাষ করতে যে পরিমাণ তেল প্রয়োজন, তা না দিয়ে আমাদের সামান্য তেল দিচ্ছে। আর মাঠের মধ্যে ভেকু দিয়ে অনেক তেল নিয়ে গিয়ে সারারাত ধরে মাটি কাটছে। ট্রাক্টর ও কাঁকড়া গাড়ি দিয়ে মাটি পরিবহন করছে। তাদের কারণে আমরা তেল পাচ্ছি না। তারাই তেলের সঙ্কট তৈরি করছে। আমাদের লাগবে ১০ লিটার, দিচ্ছে মাত্র দুই লিটার করে। আমাদের প্রয়োজন ফসল উৎপাদন করা, আর এই ফসল উৎপাদন করতে না পারলে কি পরিমাণ খাদ্য সঙ্কট পড়বে, তা আপনারা ভেবে দেখেন।’

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল এমরান খাঁন বলেন, ‘ডিজেল সঙ্কটের বিষয়ে তদারকি চলছে। কেউ যাতে কৃত্রিম সঙ্কটি তৈরি করতে না পারে, সে বিষয়ে সব সময় আমরা প্রস্তুত আছি। এছাড়াও কৃষি জমিতে পুকুর খনন করে মাটি কাটা বিষয়ে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে আছে।’