ঈদুল ফিতরের ছুটির প্রথম দিনেই দুই প্রান্তের টোল প্লাজা দিয়ে মোট ৩৮ হাজার ৫১৭টি যানবাহন পারাপার হয়েছে। গেল ২৪ ঘণ্টায় পদ্মাসেতু দিয়ে রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সকালে নয়া দিগন্তকে এ তথ্য নিশ্চিত করেছেন সেতু কর্তৃপক্ষের পদ্মাসেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয়।
এর আগের দিন ২৪ ঘন্টায় মাওয়া প্রান্ত দিয়ে ১৭ হাজার ১৮৬টি ও জাজিরা প্রান্ত দিয়ে ১১ হাজার ৪৩৭টিসহ উভয়প্রান্ত দিয়ে মোট ২৮ হাজার ৬২৩টি যানবাহন পারাপার করা হয়। এতে মোট টোল আদায় হয়েছে তিন কোটি ৩৭ লাখ ৭১ হাজার ৯০০টাকা।
এদিকে ঈদের ছুটির দ্বিতীয় দিনেও প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৩ জেলার ঘরমুখো মানুষের ছুটে চলা অব্যাহত রয়েছে। মঙ্গলবার থেকে পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি শুরু হওয়ায় ছুটির দ্বিতীয় দিনেও বুধবার সকাল থেকেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষের দক্ষিণবঙ্গগামী গণপরিবহনগুলোর পাশাপাশি মোটরসাইকেলসহ ব্যক্তিগত যানবাহনের চলাচল বাড়লেও টোলপ্লাজায় কোনো যানজট নেই।
এদিকে যানবাহনের বাড়তি চাপ ঠেকাতে টোল ব্যবস্থাপনা সুশৃঙ্খল হওয়ায় বুধবারও যানবাহনের দীর্ঘ সারি নেই। মাওয়া প্রান্তে ১০টি ও জাজিরা প্রান্তে নয়টি টোলবুথসহ মোট ১৯টি টোলবুথ সচল রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয় জানান, মাওয়া প্রান্তের টোল প্লাজা হয়ে যানবাহন চলাচল আগের তুলনায় বেড়ে গেলেও টোল ব্যবস্থাপনা পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। রয়েছে অতিরিক্ত টোল কালেক্টর।
তাছাড়া স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের সমন্বিত নিবিড় তদারকি রয়েছে এখানে।এতে করে টোলপ্লাজায় যানবাহনের চাপ থাকলেও কোনো লম্বা লাইন বা যানজট নেই।
স্বস্তিতেই যাত্রী এবং যানবাহনগুলো পর্যায়ক্রমে দ্রুত সময়ের মধ্যে টোলপ্লাজা অতিক্রম করছে।



