সাভারে যাত্রী ভাড়ার তালিকা প্রদর্শন না করা, ভাড়া উল্লেখ না করে সরাসরি টিকিট বিক্রি করা এবং বাড়তি ভাড়া নেয়ার অভিযোগে দূরপাল্লার দুটি বাস কাউন্টারকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে সাভার উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৭ মার্চ) ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ডে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। সেখানেই এ ঘটনা ঘটে।
এ সময় ওই কাউন্টার দুটিসহ অন্যান্য কাউন্টারগুলোকে বাড়তি ভাড়া না নিতে সতর্ক করা হয়েছে।
এই অভিযান পরিচালনা করেন সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ঈদে ঘরমুখো মানুষদের কাছ থেকে কোনো বাস কাউন্টার থেকে যেন বাড়তি ভাড়া নিতে না পারে, সে জন্য উপজেলা প্রশাসন নিয়মিত নজরদারি করছে। তারই অংশ হিসেবে নবীনগর বাস কাউন্টারে অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো জানান, ঈদ যাত্রা যতদিন চলবে ততদিন এই নজরদারি চালানো হবে।
এ সময় সাভার হাইওয়ে থানা পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট থানা পুলিশ উপস্থিত ছিলেন।



