শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণ বলেছেন, ‘দলীয় পরিচয় ব্যবহার করে কেউ যদি অন্যায় ও অনৈতিক কর্মকাণ্ডে জড়ায়, তাহলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। বিএনপির কোনো নেতাকর্মী অন্যায়ের সাথে জড়িত হওয়ার সুযোগ নেই।’
তিনি বলেন, ‘পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস। এ মাসের শিক্ষা আমাদের ব্যক্তি ও সামাজিক জীবনে কাজে লাগাতে হবে।’
সোমবার (৯ মার্চ) শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সফিকুর রহমান কিরণ বলেন, ‘সমাজে শান্তি, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে। আমরা দুর্নীতি, অনিয়ম ও হয়রানিমুক্ত নড়িয়া-সখিপুর গড়ে তুলতে চাই। সাধারণ মানুষের দোরগোড়ায় সব ধরনের সেবা পৌঁছে দিতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি মুন্সি শামসুল আলম দাদনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝির পরিচালনায় ইফতার মাহফিলে বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজারো নেতাকর্মী অংশ নেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
এর আগে তিনি দুপুরে নড়িয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাউয়ুম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণের জন্য ক্ষতিগ্রস্ত ৬০ জন জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করেন সফিকুর রহমান কিরণ।



