সমাজকল্যাণমন্ত্রী

সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে

‘আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোলে এসে নিজে শহীদ জিয়ার মতো খালখনন কর্মসূচির উদ্বোধন করবেন। ওইদিন একযোগে দেশের ৫৩টি জেলায় খালখনন ও পুনঃখনন করা হবে।’

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা

Location :

Hakimpur
অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে অনুদান ও হুইল চেয়ার বিতরণকালে সমাজকল্যাণমন্ত্রী
অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে অনুদান ও হুইল চেয়ার বিতরণকালে সমাজকল্যাণমন্ত্রী |নয়া দিগন্ত

সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘বর্তমান সরকারের সময়ের মধ্যেই সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করে সেচের সুবিধা বাড়ানো হবে।’

তিনি বলেন, ‘এর মাধ্যমে ধান ও রবি শস্যের উৎপাদন বাড়ানো, মৎস্য চাষ, হাস পালন ও খালের পাড়ে বৃক্ষরোপন করে পরিবেশের ভারসাম্য রক্ষা করা হবে।’

শনিবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা হলরুমে অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে অনুদান ও হুইল চেয়ার বিতরণকালে এসব কথা বলেন তিনি।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোলে এসে নিজে শহীদ জিয়ার মতো খালখনন কর্মসূচির উদ্বোধন করবেন। ওইদিন একযোগে দেশের ৫৩টি জেলায় খালখনন ও পুনঃখনন করা হবে। কিছুটা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে, কিছুটা খাদ্যের বিনিময়ে বা অর্থের বিনিময়ে খালখনন কর্মসূচি সম্পূর্ণ করা হবে।’

তিনি বলেন, ‘সরকারের মেয়াদের ২৬ দিনের মাথায় বর্তমান সরকার নির্বাচনী যেসব ওয়াদা করেছিল সেগুলো পূরণ করতে শুরু করেছে। প্রথমেই কৃষকদের ১০ হাজার টাকা কৃষি ঋণ মওকুফ করে দিয়েছে, মসজিদ, মন্দির, গীর্জায় ইমাম, মুয়াজ্জিন, পুরোহীত, ফাদারসহ অন্যদের ভাতার ব্যবস্থা করে দিয়েছে। যা আজ থেকেই প্রধানমন্ত্রী সেই কার্যক্রমের উদ্বোধন করেছেন।’

তিনি আরো বলেন, ‘গত ১০ মার্চ পাইলট প্রকল্প হিসেবে ফ্যামেলি কার্ড বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সারাদেশে বিতরণ শুরু করা হবে। সকলকেই ফ্যামেলি কার্ডের আওতায় আনা হবে। দ্রততম সময়ের মধ্যে দেশের সোয়া চার কোটি পরিবারের মাঝে ফ্যামেলি কার্ড বিতরণের লক্ষ্য নেয়া হয়েছে।’

পরে বাণিজ্যমন্ত্রী নয়জনের মাঝে আর্থিক অনুদান প্রদান ও তিনজনের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে ওই অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তাদের পাশাপাশি উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওত হোসেন শিল্পীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।