রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছে জার্মানির সাবেক ফুটবল তারকা মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নেকমেতিন বিলাল এরদোগানকে বহনকারী গাড়িবহর।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া কুতুপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ওজিল কিংবা প্রতিনিধিদলের কেউ আহত না হলেও বহরে থাকা একটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনার কবলে পড়া মোটরচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর চালক আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহত চালকের নাম-পরিচয় পাওয়া যায়নি।
উখিয়ার শাহপুরী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে সাবেক ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নেকমেতিন বিলাল এরদোগানের গাড়িবহরটি ভিআইপি প্রোটোকল ভেঙে হঠাৎ একটি মোটরচালিত অটোরিকশার সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সাথে জড়িত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
তিনি আরো জানান, সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর চালক আহত হন। আহত ব্যক্তিকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে, মেসুত ওজিলসহ তুরস্কের প্রতিনিধিদল রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। বিকেলে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের সাথে ওজিল ফুটবল খেলেন এবং সন্ধ্যায় ইফতারে অংশ নেন।



