৭২ ঘণ্টার মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) ও হল সংসদের তফসিল সচল না করলে ভিসির পদত্যাগের একদফা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে প্রার্থীরা।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ব্রাকসু নির্বাচনের বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতাকারী ভিপি, জিএস, এজিএসহ অন্য প্রার্থীরা।
এ সময় বক্তব্য রাখেন শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আহমেদুল হক আলবীর, স্বতন্ত্র ভিপি প্রাথী রাইসুল ফারিদ ও আশিকুর রহমান, স্বতন্ত্র এজিএস প্রার্থী শামসুর রহমান সুমন।
বক্তারা বলেন, তফসিল ঘোষণা করা হলেও ভিসির নেতৃত্বাধীন প্রশাসন পরিকল্পিতভাবে ব্রাকসু নির্বাচন না দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত। এরই মধ্যে ছয়বার তফশিল পেছানো হয়। নির্বাচন কমিশন গঠনে বিলম্ব, ক্ষণে ক্ষণে তারিখ পরিবর্তনসহ নানা চতুরতার আশ্রয় নিচ্ছে। সেকারণে জাতীয় নির্বাচনের পরেও প্রশাসন স্থগিতকৃত তফসিল অনুযায়ী নির্বাচনের কোনো উদ্যোগ নিচ্ছে না। উল্টো ভিসি তার গদি রক্ষার জন্য সরকারের পদলেহন করছে।
বক্তারা আরো বলেন, বর্তমান প্রশাসন নজিরবিহীন লুটপাট ও অনিয়মের সাথে জড়িত। ব্রাকসু নির্বাচন দিলে সেটা তারা করতে পারবে না বিধায় নির্বাচন নিয়ে টালবাহানা করছে। এটা শিক্ষার্থীদের কাছে পরিষ্কার হয়ে গেছে।
এ সময় বক্তার হুঁশিয়ারি দেন, ৭২ ঘণ্টার মধ্যে তফসিল সচল করে নির্বাচনের তারিখ ঘোষণা করা না হলে প্রশাসনিক ভবনে তালা লাগানোসহ ভিসির পদত্যাগের দাবিতে এক দফা আন্দোলন গড়ে তোলা হবে।



