সিলেটের শাহী ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন বাণিজ্য ও শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় সিলেটে লাখো মুসল্লীর সাথে ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন তারা।
এছাড়া নামাজে অংশ নেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক ও সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
নামাজে আরো অংশ নেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো: রেজা-উন-নবী, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, জেলা প্রশাসক মো: সারওয়ার আলম, জামায়াতে ইসলামীর সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ।
নামাজের পর নেতারা সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
জামাত শুরুর আগে শুভেচ্ছা বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘আকাশসম প্রত্যাশা নিয়ে মানুষ আমাদেরকে নির্বাচিত করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা জনগণের সেই প্রত্যাশা পূরণ করতে চাই।’
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রধান লক্ষ্য উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে পেরেছি।’
প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই।’
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে পরিচ্ছন্ন আধুনিক নগর গড়তে সবার সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, ‘আমরা একটি পরিচ্ছন্ন, পরিকল্পিত, আধুনিক নগর গড়ার লক্ষ্যে কাজ করছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা ও সহায়তায় আমরা একটি আধুনিক ও উন্নত সিলেট গড়ার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি।’
শাহী ঈদগাহে ঈদের জামাতে এবার মনোরম আবহাওয়ায় লাখো মুসল্লি নামাজ আদায় করেন। নগরীর বাসিন্দা ছাড়াও দূর দূরান্তের বাসিন্দারাও জামাতে শরীক হন।



