বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মাওলানা মো: মোবারক হোসাইন বলেছেন, ‘রমজান মাস পবিত্র কোরআন নাজিলের মাস। কোরআন থেকে হেদায়েত পেতে হলে মানুষকে মুত্তাকি হতে হবে। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে নিজেকে মুত্তাকি হিসেবে গড়ে তোলাই রমজানের মূল দাবি।’
তিনি বলেন, ‘রমজানের শিক্ষা হলো সমাজের সকল অন্যায় ও শোষণমুক্ত একটি ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণ করা। বর্তমান কঠিন সময়ে পারস্পরিক ভ্রাতৃত্ব ও ত্যাগের মনোভাব নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।’ সাংবাদিকদেরও তাকওয়ার নীতি অবলম্বন করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার আহ্বান জানান তিনি।
সোমবার (২ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের সম্মানে উপজেলা জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মাওলানা মোবারক হোসাইন বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় সাংবাদিকদের স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রেখে আসছে।’
আশুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো: শাহজাহান ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি মো: রোকন উদ্দিন, জামায়াত নেতা জাহেদুল হক জাবেদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো: আক্তার হোসেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইব্রাহীম খলিল, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি খালেদ মুছান্নাহ, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোজাহিদুল ইসলাম, সাংবাদিক তসলিম উদ্দিন, আল মামুন ও মুহাম্মদ আনোয়ার হোসাইন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসাইন বলেন, ‘আমি এ এলাকার সন্তান। বিগত জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জনসংযোগ করেও জোটগত কারণে নির্বাচন করতে পারিনি। তবে গণসংযোগকালে এ অঞ্চলের সাধারণ মানুষের অকুণ্ঠ ভালোবাসায় সিক্ত হয়েছি, যার ঋণ শোধ করা সম্ভব নয়। স্থানীয় সাংবাদিকদের ভূমিকাও ছিল অনস্বীকার্য। এমপি হতে না পারলেও জীবনের বাকি সময় এলাকার মানুষের পাশে থাকতে চাই।’


