আশুলিয়ায় ৩০ কেজি গাঁজাসহ মাদককারবারি আটক

ঢাকার আশুলিয়ায় ৩০ কেজি গাঁজাসহ জুয়েল মিয়া (২৩) নামে এক মাদককারবারিকে আটক করেছে র‍্যাব। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানা গেছে।

তুহিন আহামেদ, আশুলিয়া (ঢাকা)

Location :

Dhaka
৩০ কেজি গাঁজাসহ আটক জুয়েল মিয়া
৩০ কেজি গাঁজাসহ আটক জুয়েল মিয়া |নয়া দিগন্ত

ঢাকার আশুলিয়ায় ৩০ কেজি গাঁজাসহ জুয়েল মিয়া (২৩) নামে এক মাদককারবারিকে আটক করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৪ এর সদস্যরা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত গাড়ি জব্দ করা হয়।

বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহীনুর কবির। এর আগে, বুধবার বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক জুয়েল মিয়া হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আবদার সালেহার বটতলা এলাকার ওমর আলী ওরফে কাজল মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, বুধবার বিকেল ৩টার দিকে ঢাকা থেকে টাঙ্গাইলগামী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক বিভিন্ন যানবাহন তল্লাশিকালে একটি সিলভার রঙের নোহা গাড়ি সিগন্যাল অমান্য করে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার দিকে পালানোর চেষ্টা করে। বিষয়টি সন্দেহজনক মনে হলে র‍্যাব সদস্যরা পিছু নিয়ে বিকেল পৌনে ৫টার দিকে গাড়িটি থামাতে সক্ষম হয়। এ সময় ওই গাড়িতে তল্লাশি চালিয়ে ১২টি পুটলায় রক্ষিত ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানা গেছে।

র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহীনুর কবির জানান, আটক ব্যক্তি একজন পেশাদার মাদককারবারি। তিনি দীর্ঘদিন ধরে হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা পাইকারি মূল্যে ক্রয় করে গাজীপুর ও টাঙ্গাইল জেলাসহ ঢাকা শহরের বিভিন্নস্থানে পাইকারি ও খুচরাভাবে বিক্রয় করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদককারবারিদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।